সাতকানিয়ায় আগুনে পুড়ে ছাই হয়েছে ৬ বাড়ি। মঙ্গলবার উপজেলার সদর ইউনিয়নের গরিবারঝিল গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় বাসিন্দা রেয়াজুদ্দীন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চট্টগ্রাম সংবাদকে বলেন, সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় মেম্বার বাবুল, লিয়াকত আলী, আনোয়ার হোসেন, আবুল হাসেম, মহিউদ্দিন, হোসেন, ভুট্টু, আমানত খান সহ অনেকজনের বাড়ি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে তাদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি।
সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা হুমায়ুন কার্ণায়েন চট্টগ্রাম সংবাদকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আমাদের সদস্যরা অগ্নিনির্বাপণ করেছে। অগ্নিকাণ্ডে ৬টি বাড়ি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তদন্ত সাপেক্ষে বলা যাবে।