পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের দক্ষিণ বানিগ্রামের বাসিন্দা ফয়েজ আহমদকে (৬০) নবম শ্রেণীর শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পটিয়ার মালিয়ারা গ্রাম থেকে কালারপোল পুলিশ ফাঁড়ি তাকে গ্রেফতার করে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ২০১৯ সালের ১ ও ১৬ মে ঘটনাটি ঘটলেও এতদিন অভিযুক্ত আসামী পলাতক ছিলেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১ ও ১৬ মে আসামীর বসতবাড়ির পাশ্ববর্তী মুরগির ফার্মের পেছনে এবং নিজ ঘরে দুইবার বলৎকার করেন তিনি। দ্বিতীয়বারের ঘটনার সময় চিৎকার করলে স্থানীয়রা ওই শিশুকে তার কাছ থেকে উদ্ধার করেন। এ সময় তাকে অস্বাভাবিক অবস্থায় পাওয়া যায়। বিষয়টি স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান সমাধান করার আশ্বাস দিলেও কোনো সমাধান হয়নি। পরে ২০১৯ সালের ৩ জুন ভিকটিম শিশুর পিতা মো. মহিউদ্দিন বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলেও তিনি পলাতক থেকে যান। গত বৃহস্পতিবার ফয়েজ আহমদকে গ্রেফতার করেন কালারপুল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. রাসেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার মালিয়ারা গ্রাম থেকে ফয়েজ আহমদ নামের গ্রেফতারি পরোয়ানাভুক্ত একজন আসামীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুর পিতা মো. মহিউদ্দিন বলেন, নবম শ্রেণীর একজন শিক্ষার্থীকে নির্জন স্থানে নিয়ে গিয়ে বলৎকার করা হয়। শুধু এটি নয়, এলাকায় এ রকম আরও কয়েটি ঘটনা ঘটিয়েছে সে। আমি এ ঘটনার শাস্তি চাই।