স্বর্ণ চোরাচালান, ১২ বছরের কারাদণ্ড যুবকের 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকট থেকে আসা মো. দিদারুল আলম নামে এক যাত্রীর কাছ থেকে ৯৬টি স্বর্ণের বার উদ্ধারের মামলায় ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ দিদারুল আলম (৪৫), রাউজান থানার দেওয়ানপুর এলাকার মোহাম্মদ মাহবুব আলমের ছেলে।

বুধবার (৭ জুন) চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুননেসা বেগমের আদালত এ রায় দেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুর রশিদ বলেন, স্বর্ণ চোরাচালান মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মোহাম্মদ দিদারুল আলমকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন।

রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পিপিকে মামলা পরিচালনায় সহযোগিতা করেন চট্টগ্রাম অতিরিক্ত মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফারহানা রবিউল লিজা ও অ্যাডভোকেট তৌহিদা আক্তার খানম রাবেতা।

মামলার নথি থেকে জানা যায়, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০১৯ সালের ৯ এপ্রিল ওমানের রাজধানী মাসকট থেকে একটি ফ্লাইট চট্টগ্রামে আসেন মোহাম্মদ দিদারুল আলম। এ সময় তার কাছ থেকে ৯৬টি স্বর্ণের বার উদ্ধার করেন। এসব বারের ওজন ১১ কেজি ১৯৭ গ্রাম। এ ঘটনায় আসামির বিরুদ্ধে নগরের পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দরের কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা করুনাময় চাকমা বাদী হয়ে একটি মামলা হয়। মামলায় ১৮ জন সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষী আদালতে জবানবন্দি দেন।

মন্তব্য করুন

Your email address will not be published.