মালয়েশিয়ায় একটি ছাপা কারখানায় অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে দগ্ধ হয়েছেন আরও চার বাংলাদেশি। তাদের চিকিৎসা চলছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) ভোর ৪টার দিকে দেশটির সেলাঙ্গরের বন্দর বারু বাঙ্গির তামান পারিন্ডাস্ট্রিয়ান সেলামানের জালান পি১০/১৮-এর ছাপা কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক ওয়ান মোহাম্মদ রাজালি ওয়ান ইসমাইল।
তিনি জানান, ভোর ৪টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় রাজ্য দমকল বিভাগের অপারেশনস সেন্টার। মোট ২৩ জন সদস্য আগুন নেভানো ও উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে যান।
অভিযানে অংশ নেয়া কর্মকর্তারা জানান, বাংলাদেশি ৬ শ্রমিক ওই কারখানায় আটকা পড়েছিলেন। তাদের মধ্যে ৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও, বাকি ২ জন ধোঁয়ায় নিশ্বাস নিতে না পেরে ঘটনাস্থলেই মারা যান। তবে তাদের পরিচয় জানায়নি পুলিশ।
এদিকে আগুনে দগ্ধদের চিকিৎসা চলছে এবং মারা যাওয়া দুই বাংলাদেশির লাশ পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।