চট্টগ্রামের সাতকানিয়ায় বিরোধীয় জমির গাছপালা কাটতে বাধা দেয়ায় প্রতিপক্ষকে মারধর করে বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ আমিলাইশের মাঝের পাড়া এলাকার মো. ইসহাকের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাতকানিয়া থানায় এজাহার দায়ের করেছেন তিনি।
এজাহারে বিবাদী করা হয়েছে ওই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে আবদুল গফুর প্রকাশ মোজাফ্ফর (৫০), তার ভাই নুরুল আলম (৪৬), মাহাবুব আলম (৪০), নুরুল আলমের ছেলে মোঃ সাজ্জাদ (২০), আবদুল গফুরের ছেলে মো. মিরাজ (২১), স্ত্রী রওশন আরা বেগম (৪২), নুরুল আলমের স্ত্রী জুলেখা বেগম (৩৮), আবদুল গফুরের স্ত্রীকে।
এজাহার সূত্রে জানা গেছে, অভিযুযক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে পৈতৃক জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। স্থানীয়ভাবে সালিশ বৈঠক ডেকেও বিষয়টি সুরাহা করা যায়নি। বৃহস্পতিবার সকালে তারা ইসহাকের বাড়ির উত্তর পার্শ্বের উঠানে থাকা বিভিন্ন প্রজাতির ১০টি গাছ কেটে ফেলে। তাদের গাছ কাটতে দেখে ইসহাকের বোন, ভাবি, ছোটভাইয়ের স্ত্রীরা মিলে গাছ কাটার কারণ জানতে চায়। এতে তারা ক্ষিপ্ত হয়ে তাদের মারধরের চেষ্টা করে, কিন্তু তাদের চিৎকারে আশপাশের লোকজন চলে এলে তারা পালিয়ে যায়। পরে আবার দুপুর দেড়টার দিকে এসে কাটা গাছ নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় ইসহাক পক্ষ আবারও বাধা দেয়। তাতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা লোহার রড, গাছের বাটাম ও লাঠি শোটা নিয়ে বাড়ির দরজা, বেড়া, টিন ভাংচুর করে ২ লাখ টাকার ক্ষতি করে। এসময় অভিযুক্ত মোজাফফর আলমারীতে থাকা নগদ দেড় লাখ টাকা নিয়ে যায়। ওই সময় ইসহাকের বোন তাদের বাধা দিলে তারা হাতে থাকা লোহার রড ও গাছের বাটাম দ্বারা ইসহাকের বোন, ভাবি, ছোট ভাইয়ের স্ত্রীকে এলোপাতাড়ি বারি মেরে গুরুতর আহত করে, শ্লীলতাহানির চেষ্টা করে। ওই সময় তাদের চিৎকারে আশপাশের লোজকন েএসে গেলে ঘটনার বিষয়ে কাউকে জানালে প্রাণে হত্যার হুমকি দিয়ে আবারও পালিয়ে যায়।