বিবেক বিক্রির সুযোগ নেই: চট্টগ্রামের সাতকানিয়ায় ডিসি

সোমবারে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে তিনি এই বক্তব্য রাখেন-

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের শতভাগ সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সোমবার সাতকানিয়া উপজেলার ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা ও দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক বলেন, ‘বহু রক্তের বিনিময়ে দেশ আজকের অবস্থানে এসেছে। এই রক্তের ক্ষত মেরামতের সময়ে কোনোভাবেই বিবেক বিক্রি মেনে নেওয়া হবে না। নির্বাচনের পবিত্র দায়িত্ব পালনে কোনো ধরনের বেইমানি সহ্য করা হবে না।’

সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ডিসি জাহিদুল ইসলাম প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ভোট গ্রহণের দিন নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে দায়িত্ব পালন করতে হবে। কারণ, এই দেশেই তাদের সন্তান ভবিষ্যতে বড় হবে। আজকের দায়িত্ব পালনের মধ্য দিয়েই নির্ধারিত হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন দেশ রেখে যাওয়া হচ্ছে।

নির্বাচনী দায়িত্ব পালনে নিরপেক্ষতাহীনতা, স্বজনপ্রীতি কিংবা শৈথিল্যের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, এবারের নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ কার্যক্রম সুরক্ষা অ্যাপ, সিসিটিভি ক্যামেরা এবং বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।

গণভোট প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ভোটারদের মধ্যে এ বিষয়ে জানার আগ্রহ থাকবে। তাই ভোট গ্রহণকারী কর্মকর্তাদের গণভোট সংক্রান্ত বিধিবিধান সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে এবং ভোটারদের সঠিক তথ্য জানাতে হবে। বিভ্রান্তিকর ব্যাখ্যা দেওয়ার বা দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে কারও কোনো দলের প্রতি ভালোবাসা থাকতেই পারে। তবে নির্বাচনী দায়িত্ব পালনের সময় সেই ভালোবাসা প্রকাশ করা যাবে না। ভালোবাসা থাকতে হবে কেবল রাষ্ট্রের প্রতি এবং নিজের সাংবিধানিক দায়িত্বের প্রতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দীন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপ-অধিনায়ক মেজর আখলাফ, আনসার ও ভিডিপির পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোস্তাক আহমদ এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।

সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান।

 

মন্তব্য করুন

Your email address will not be published.