নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও জন নিরাপত্তায় এবার তিন পার্বত্য জেলায় ১০৮ প্লাটুন (২ হাজারেরও বেশি) বিজিবি সদস্য নিয়োজিত থাকবে। এর মধ্যে বান্দরবানে ২৫ প্লাটুন, রাঙামাটিতে ৪৪ প্লাটুন ও খাগড়াছড়িতে ৩৫ প্লাটুন বিজিবি সদস্য কাজ করবে। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবেলায় র্যাপিড একশন টিম ও হেলিকপ্টারে কুইক রেসপন্স টিম কাজ করবে। অন্যদিকে সীমান্ত নিরাপত্তায় বিজিবির বিশেষ টিম কাজ করছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সরকারি কলেজ কেন্দ্রে বিজিবি বান্দরবান সেক্টর আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার কর্নেল মো. রুবাইয়াত জামিল সাংবাদিকদের জানান, বান্দরবানের ১৬৯ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান জেলায় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) হতে রুমা এবং রোয়াংছড়ি উপজেলায় ৭ প্লাটুন, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) হতে বান্দরবান সদর এবং থানচি উপজেলায় ৭ প্লাটুন ও আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) হতে লামা এবং আলীকদম উপজেলায় ৭ প্লাটুনসহ সর্বমোট ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
বিজিবি বান্দরবান সেক্টর সর্বমোট ২২টি বেইজ ক্যাম্প থেকে নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী থানচি এবং আলীকদম উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।