মানিকছড়িতে চেরাগ বাতি থেকে আগুন: চার কন্যাসহ দিনমজুর পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

চট্টগ্রাম সংবাদ, ডেস্ক রিপোর্ট

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে যোগ্যাছোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আচলং গ্রামে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে চার কন্যাসন্তানসহ একটি দিনমজুর পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারটি হলো চাইহ্লাপ্রু মারমা (৩৫) ও তাঁর স্ত্রী উসাইন্দা মারমা (৩০)। তারা চার কন্যাসন্তান নিয়ে ওই গ্রামে বসবাস করতেন এবং দু’জনই দিনমজুরের কাজ করে সংসার চালাতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাজ শেষে চাইহ্লাপ্রু মারমা যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি এলাকায় একটি রাজনৈতিক সভায় যোগ দিতে যাওয়ার সময় ঘরে চেরাগ বাতি (কুপি) জ্বালিয়ে যান। সে সময় ঘরে স্ত্রী উসাইন্দা মারমা ও চার কন্যাসন্তান উপস্থিত ছিলেন। রাতের খাবার শেষে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন উসাইন্দা মারমা।

রাত আনুমানিক ৮টার দিকে চেরাগ বাতি থেকে আগুনের সূত্রপাত হলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পাশের বাড়ির এক ত্রিপুরা নারী আগুন দেখতে পেয়ে ডাকাডাকি করলে ঘুম ভাঙে পরিবারের সদস্যদের। তবে ততক্ষণে পুরো ঘর আগুনে গ্রাস করে নেয়।

অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা ধান, কচুর বীজ, হলুদ, কাপড়চোপড়, শিশুদের বই-খাতা, কলম, ভোটার আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায়। ঘরটি পাহাড়ের ওপরে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

বর্তমানে শীতের মধ্যে খোলা আকাশের নিচে অস্থায়ী টানানো টানুতে চার কন্যাসন্তানসহ বসবাস করছেন চাইহ্লাপ্রু মারমা পরিবার। সর্বস্ব হারিয়ে তারা চরম মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মানিকছড়ি উপজেলা শাখা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং যোগ্যাছোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিনের নেতৃত্বে ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে নগদ অর্থ, চাল, ডাল ও কম্বল তুলে দেওয়া হয়। পাশাপাশি এক সপ্তাহের বাজার সামগ্রীও প্রদান করা হয়েছে।

আচলং গ্রামের কার্বারী আজাইমং বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চাইহ্লাপ্রু মারমা পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে। কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কেউ খোঁজখবর নেয়নি। তিনি শিশুদের জন্য নিরাপদ আশ্রয়, শীতবস্ত্র ও খাদ্য সহায়তার জরুরি ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্য করুন

Your email address will not be published.