পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় মাদকবিরোধী অভিযানে ৩,৮৯০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে চট্টগ্রাম র্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কয়েকজন মাদক ব্যবসায়ী একটি সিএনজি অটোরিকশাযোগে পটিয়া থেকে বোয়ালখালীর দিকে মাদক নিয়ে আসছে। ওই তথ্যের ভিত্তিতে ৪ ফেব্রুয়ারি রাতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল পটিয়া থানাধীন মিলিটারি পোল ব্রিজের দক্ষিণ পাশে আরকান রোডে মফিজ স্টোরের সামনে অবস্থান নেয়।
এসময় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি নম্বরপ্লেটবিহীন সিএনজি অটোরিকশা সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। সিএনজির চালক সম্পর্কে জিজ্ঞাসা করলে পাশের দোকানে থাকা এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম বজল করিম (৪৫)। সে কক্সবাজার জেলার চকরিয়া থানার খুটাখালী এলাকার বাসিন্দা।
পরবর্তীতে সিএনজির চালকের আসনের উপরের ছাউনির ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩,৮৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।