নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়ায় সেনাবাহিনীর অভিযানে তিন হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
একই অভিযানে রাকিব নামে একব্যক্তির বসতঘর তল্লাশি করে দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া থেকে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ও মাদকসহ একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারি মো. কামাল প্রকাশ পিচ্চি কামাল (৩৫) লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহমদের ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন ইফানার নেতৃত্বে ক্যাপ্টেন সাব্বির আহম্মেদ সানি, লেফটেন্যান্ট সাদ ও লেফটেন্যান্ট মিথুনসহ ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি টহল দল মাদক কারবারি পিচ্চি কামালের বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
এ সময় বসতঘর তল্লাশি চালিয়ে তিন হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তল্লাশির পরিধি বৃদ্ধি করা হলে মো. রাকিবের বসতঘর থেকে দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। কিন্তু অভিযুক্ত রাকিব ওই সময় বসতঘরে না থাকায় তাকে গ্রেপ্তার করা যায় নি। রাকিবের বাড়ি ঢেমশা ইউনিয়নের বলে জানা গেছে।
সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, উদ্ধার মালামাল ও গ্রেপ্তার কামালকে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামি রাকিবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সকল ধরনের অপরাধীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।