নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
দেশে মব কালচারের আর কোনো স্থান নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দাবি-দাওয়া আদায়ের নামে আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা সড়ক-মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই বরদাশত করা হবে না।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,“বাংলাদেশে মব কালচার শেষ। মব কালচারকে আর কোনোভাবেই উৎসাহিত করা যাবে না। দাবি থাকলে তা অবশ্যই যথাযথ ও আইনসম্মত প্রক্রিয়ায় উত্থাপন করতে হবে।”
তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মিছিল ও সমাবেশের অধিকার থাকবে, ডেমোক্র্যাটিক কালচার অব্যাহত থাকবে। তবে দাবি আদায়ের জন্য সড়ক-মহাসড়ক আটকে জনজীবন স্থবির করে দেওয়া চলবে না। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলার নির্দেশ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে মানুষ মূলত পুলিশকেই বোঝে। অথচ এই মন্ত্রণালয়ের অধীনে আরও অনেক সংস্থা রয়েছে, যেগুলো সম্পর্কে সাধারণ মানুষের ধারণা কম।” তিনি পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে বলেন, “পুলিশের যে ভাবমূর্তি আগে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাকে আবার রিগেইন করতে হবে।” দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সস্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, “অ্যাকাউন্টিবিলিটি ও ট্রান্সপারেন্সি নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অবৈধ তদবির চলবে না। বাহিনীর ভেতরে কেউ অপরাধে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি স্পষ্ট করে জানান, আইনের শাসন প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।