মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
আগামী রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফর চূড়ান্ত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর কেন্দ্র করে প্রশাসন ও দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সফরকালে তিনি বাঁশখালী উপজেলার বাহারছড়া এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সফর বলে জানা যায়।
চট্টগ্রাম জেলা এবং বাঁশখালী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করার জন্য ইতিমধ্যে বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকত এলাকায় হেলিপ্যাড প্রস্তুত করা হচ্ছে। প্রধানমন্ত্রীকে বরণ করার
জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তিনি সেখানে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন ও প্রাথমিকভাবে বন্যায় গৃহহীন ১ শত পরিবারের মাঝে নতুন চাবি হস্তান্তর করবেন।
পরে তিনি চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়ি এলাকার বাবুনগর মাদ্রাসার উদ্দেশ্যে বাঁশখালী ত্যাগ করবেন। এই সফরে তিনি ফটিকছড়ি বাবু নগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করবেন বলে জানা যায় ।
এ দিকে মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে দলীয় ভাবে এবং প্রশাসনের সাথে সমন্বয় করে আমাদের নেতা কর্মীরা প্রোগ্রামের শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমিন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে।