নৌকার আশীর্বাদের মেয়র মঞ্জুরের বাসায় গিয়ে হঠাৎ অবরুদ্ধ এমপি হাসনাত

তার উত্থানেই আওয়ামী লীগের -

 সিভয়েস২৪ প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরে পহেলা বৈশাখের দিন সাবেক সিটি মেয়র মঞ্জুর আলমের বাড়িতে গিয়ে উত্তেজনার মুখে পড়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে ঘিরে রেখে প্রায় এক ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ করে রাখেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে দুইটি গাড়ি নিয়ে তিনি সাবেক মেয়রের বাড়িতে পৌঁছানোর পর উপস্থিতি নিশ্চিত হয়ে হঠাৎ করে সেখানে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে তারা বাড়ির মূল ফটক ঘিরে ফেলে বিক্ষোভ করে হাসনাত আবদুল্লাহকে অবরুদ্ধ করে রাখেন, ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় অবরুদ্ধকারীরা হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে বিভিন্ন প্রশ্ন তোলেন। তারা জানতে চান, কেন তিনি ‘স্বৈরাচারের দোসর’ হিসেবে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে বৈঠক করতে এসেছেন, ‘পরীক্ষিত দোসরের’ সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্য কী, এবং আওয়ামী লীগের একজন নেতার বাসায় তার উপস্থিতির কারণ কী। একই সঙ্গে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যার মধ্যে ছিল—“আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার, সাবধান”।

পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হাসনাত আবদুল্লাহ বাইরে এসে বিক্ষোভকারীদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন। এরপর পুলিশের উপস্থিতিতে দ্রুত গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও হাসনাত আবদুল্লাহ চলে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.