বাঁশখালীতে বনভূমির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হামলা: ৪ আসামি জেলহাজতে

 

​বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে দখলদারদের সশস্ত্র হামলার শিকার হয়েছে বন বিভাগ ও পুলিশের যৌথ দল। এতে বন কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। গত ৩ নভেম্বর দুপুরে বাঁশখালী ইকোপার্কের জঙ্গল শীলকূপ মৌজার ৯ নম্বর ওয়ার্ডের করলাশীয়া এলাকায় এই ঘটনা ঘটে।
​এ ঘটনায় গত ৮ নভেম্বর বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার মো. ইসরাঈল হক বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এজাহারভুক্ত ৬ আসামি বাঁশখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত দুই নারী আসামিকে জামিন মঞ্জুর করলেও বাকি ৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

​মামলার বাদী ও ফরেস্ট রেঞ্জার মো. ইসরাঈল হক জানান, সংরক্ষিত বনভূমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের খবরে পুলিশ প্রশাসনের সহায়তায় সরকারি সম্পত্তি উদ্ধারে অভিযান চালানো হয়। এ সময় দখলদার চক্রটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারি কাজে বাধা দেয় এবং যৌথ দলের ওপর সশস্ত্র হামলা চালায়, যাতে বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হন।
​তিনি আরও জানান, আজ আদালতে ৬ আসামি জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত ৪ জনকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। বনভূমির অবৈধ দখলদার ও সরকারি কাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে এমন কঠোর আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.