রাউজানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের নেতৃত্বে বিএনপি নেতার ছেলে

রাউজান প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে টায়ার জ্বালিয়ে, ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুড়ে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিনটি তাজা ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ। এর আগে একই এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের নেতৃত্বে থাকা ব্যক্তিকে কদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে সজীব উদ্দিন চৌধুরী হিসেবে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সেলিম উদ্দিন চৌধুরীকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ইউনিয়ন বিএনপি।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছত্তারঘাট এলাকায় মহাসড়কে নাশকতার এ ঘটনা ঘটে। এর প্রায় ১৮ ঘণ্টা আগে একই দিন ভোর ৫টার দিকে ওই এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মধ্যরাতের ঘটনার পর সম্ভাব্য নাশকতা প্রতিরোধে পুলিশ এবং বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা এলাকায় তৎপরতা জোরদার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে কয়েকটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ রয়েছে। পরে মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

খবর পেয়ে রাউজান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জ্বলন্ত টায়ার নিভিয়ে সড়কের প্রতিবন্ধকতা সরিয়ে নেয়। পরে স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন। সবার সম্মিলিত প্রচেষ্টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি তাজা ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে রাউজানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ ধরনের নাশকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধে তাঁরা মাঠে অবস্থান করছেন।

রাউজান উপজেলা যুবদলের সভাপতি শাহজাহান সাহিল বলেন, ‘ফ্যাসিস্টদের নাশকতা প্রতিহত এবং রাউজানের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপির নেতৃত্বে আমরা পাহারায় ছিলাম। রাত সোয়া ১২টার দিকে এক অটোরিকশাচালক আমাদের জানান, চার-পাঁচটি মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। খবর পেয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা দেন। এর মধ্যে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হাটহাজারীর দিকে পালিয়ে যায়। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে তাদের ধরা সম্ভব হয়নি। পাশাপাশি পুলিশ ঘটনাস্থলে এসে আমাদের সঙ্গে নিয়ে সড়কের প্রতিবন্ধকতা সরিয়ে নেয় এবং অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘একই দিন ভোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮ থেকে ১০ জন কর্মী কয়েক সেকেন্ডের জন্য ব্যানার নিয়ে ঝটিকা মিছিল করে পালিয়ে যায়।’

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-ক্রীড়াবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন বলেন, ফ্যাসিস্ট ও তাদের দোসররা রাউজানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। রাউজানের প্রবেশমুখ ছত্তার ব্রিজ এলাকায় গুটিকয়েক আওয়ামী লীগের সন্ত্রাসী সোমবার জনশূন্য সড়কে টায়ার জ্বালিয়ে, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে নাশকতার চেষ্টা করেছে। এসব অগ্নিসন্ত্রাস প্রতিরোধে তাঁরা মাঠে রয়েছেন।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, রাত সোয়া ১২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জ্বলন্ত টায়ার নিভিয়ে সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নেয়। সেখান থেকে তিনটি তাজা ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। গুলি ছোড়া হয়ে থাকতে পারে। তবে তদন্তের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

একই দিন ভোরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের বিষয়ে ওসি বলেন, স্বল্প সময়ের ওই মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি কদলপুর ইউনিয়ন বিএনপির নেতা মো. সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে ছাত্রলীগ নেতা সজীব উদ্দিন চৌধুরী। মিছিলে অংশ নেওয়া অন্যরা বহিরাগত।

এদিকে ছেলের ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার বিষয়টি সামনে আসার পর সেলিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কদলপুর ইউনিয়ন বিএনপি।

ইউনিয়ন বিএনপির একাংশের আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, সেলিম উদ্দিন চৌধুরী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সমন্বয়ক ছিলেন। এর আগে তিনি যুবদলের দায়িত্বেও ছিলেন। রাউজানকে অস্থিতিশীল করার অপচেষ্টায় তাঁর ছেলের ভূমিকার কারণে তাঁকে আগেও কয়েকবার সতর্ক করা হয়েছিল। ছেলেকে অপকর্ম থেকে বিরত রাখার জন্যও বলা হয়েছিল। কিন্তু তিনি তা করতে ব্যর্থ হওয়ায় সোমবারের ঘটনার পর তাঁকে কার্যত সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী দলীয় সভায় তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে সেলিম উদ্দিন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.