নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর আকাশ দাশ (২৬) হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. রায়হান ওরফে রেন্ডিকে (১৯) ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তিনি পলাতক ছিলেন।
মো.রায়হান প্রকাশ রেন্ডি হবিগঞ্জ জেলার সদর থানার সওদাগর মিয়ার বাড়ি ইসমাইলের ছেলে।
বুধবার (২০ মে) ঢাকার হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
র্যাব-৭ জানিয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি রাতে নগরের পাহাড়তলী থানার বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরি এলাকায় আকাশ দাসকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে জানা যায়, আকাশ দাস ওই কারখানায় হেলপার হিসেবে কাজ করতেন। ঘটনার দিন রাতে কারখানার আরেক কর্মী মাইকেলকে স্থানীয় কিছু সন্ত্রাসী টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আকাশ তাকে উদ্ধার করতে এগিয়ে যান। এ সময় পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়।
এ ঘটনায় পরদিন আকাশের বাবা বাবুল দাস পাহাড়তলী থানায় হত্যা মামলা করেন। র্যাব জানায়, মামলার পর থেকে প্রধান আসামি রায়হান ওরফে রেন্ডিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে র্যাব-৭ ও র্যাব-৩ যৌথভাবে হাজারীবাগ থানার কালুনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য হাজারীবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।