চেম্বারের নির্বাচন শিল্প-বাণিজ্যের অগ্রযাত্রাকে গতিশীল করবে: বিজিএমইএ

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

দীর্ঘ প্রায় দুই বছর পর চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

সংগঠনটির পক্ষ থেকে বর্তমান সরকার, বাণিজ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সেলিম রহমান এক বিবৃতিতে বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী এবং আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র। এ অঞ্চলের শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক অগ্রগতিতে চিটাগাং চেম্বার দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি বলেন, দীর্ঘদিন পর চেম্বার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত ব্যবসায়ী সমাজের জন্য ইতিবাচক ও আশাব্যঞ্জক উদ্যোগ। একটি শক্তিশালী, সক্রিয় ও গণতান্ত্রিক ব্যবসায়ী সংগঠন চট্টগ্রামের শিল্প-বাণিজ্যের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।

বিজিএমইএর সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী বলেন, চট্টগ্রাম দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র এবং জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এ অঞ্চলের ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে চট্টগ্রাম চেম্বারের কার্যক্রম সচল রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন নির্বাচন স্থগিত থাকায় ব্যবসায়ী সমাজে এক ধরনের অনিশ্চয়তা ও স্থবিরতা তৈরি হয়েছিল। নির্বাচনের তারিখ ঘোষণার মাধ্যমে ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণ হয়েছে এবং এর মাধ্যমে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে বলে আশা করছে বিজিএমইএ।

সংগঠনটি আশা প্রকাশ করে, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে, যারা চট্টগ্রামের শিল্প-বাণিজ্যের উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখবেন।

আগামী ২৩ মে ২০২৬ চিটাগাং চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.