রাঙ্গুনিয়ার পদুয়ায় কিশোরী অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে সিনেমা স্টাইলে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. বাদশা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

 

ভিকটিমের বাবা বাদী হয়ে শনিবার (৩০ মে) দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করার পরই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তবে মামলার অপর দুই আসামি এখনও পলাতক রয়েছে।

 

মামলার এজাহার অনুযায়ী, গত রোববার সন্ধ্যায় পদুয়ার ৫নং ওয়ার্ডের জয় নগর এলাকার ওই কিশোরী বাড়ির পাশের মাঠ থেকে ছাগল আনতে গেলে একই এলাকার জসিম উদ্দীনের ছেলে বাদশা মিয়া তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক পাশের একটি নির্জন জঙ্গলে নিয়ে যায়। সেখানে আগে থেকেই ডেকে আনা আরও দুইজনের সঙ্গে মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

এজাহারে আরও বলা হয়, ঘটনার সময় অভিযুক্তরা ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে। পরে বিষয়টি কাউকে জানালে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ঘটনার পর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

এ বিষয়ে রাঙ্গুনিয়া সার্কেল এএসপি মো. বেলায়েত হোসেন জানান, এজাহারভুক্ত প্রধান আসামি বাদশা মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। একই সঙ্গে ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার।

মন্তব্য করুন

Your email address will not be published.