মো. সেলিম উদ্দিন খাঁন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর কুমিল্লা হাইওয়ে রিজিয়নে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
এ উপলক্ষে জনাব মোহাম্মদ শাহিনুর আলম খান, পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন, কুমিল্লার নেতৃত্বে মালুমঘাট হাইওয়ে থানা, চিরিংগা হাইওয়ে থানা এবং দোহাজারী হাইওয়ে থানাসহ বিভিন্ন হাইওয়ে থানা কম্পাউন্ডে বৃক্ষরোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি উপস্থিত সকল কর্মকর্তা ও সদস্যদের নিজ নিজ কর্মস্থল এবং বাসাবাড়ির আশপাশে অধিক হারে গাছ লাগানোর আহ্বান জানান।
এ সময় তিনি হাইওয়ে পুলিশের সকল অফিসার ও ফোর্সকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেন এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি), অন্যান্য কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।
হাইওয়ে পুলিশের এ উদ্যোগ পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।