নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। রবিবার রাতে পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার (১৫ জুন) দুপুরে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল।
এর আগে গত ১৩ জুন রাত সাড়ে ১১টার দিকে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় ঘরে ঢুকে সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া এবং তাদের মেয়ে প্রিয়ন্তী বড়ুয়াকে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয় তাদের পাঁচ বছর বয়সী ছেলে পিয়াস বড়ুয়া।
নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া দাবি করেছিলেন, প্রতিবেশী রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়ার সঙ্গে তার আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধ ছিল। ওই লেনদেনের কাগজপত্রের খোঁজে এসে হামলার ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।