চকরিয়ায় দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি তদন্তে পুলিশ

 

মো. সেলিম উদ্দিন খাঁন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় দিনদুপুরে রমিজ উদ্দিন (৪০) নামের এক ব্যবসায়ীকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের পালাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, পূর্ব শুক্রতার জের ধরে এই গুলির ঘটনা ঘটতে পারে। রমিজ চিরিংগা ইউনিয়নের পালাকাটা গ্রামে মো. শফির ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের মাছঘাট বাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন রমিজ উদ্দিন। পালাকাটা উত্তরপাড়া এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার অটোরিকশার গতিরোধ করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পেটের ওপরের অংশে একাধিক গুলি লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বললেন, ‘ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। তারা থানায় আসছেন বলে জানিয়েছেন। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

 

মন্তব্য করুন

Your email address will not be published.