লোহাগাড়ায় যৌতুক মামলায় শাশুড়ি আটক

 

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের লোহাগাড়ায় যৌতুকের জন্য পুত্রবধূকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় রেহেনা আক্তার (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার বটতলী মোটর স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার এসআই নুর আমজাদ।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, লোহাগাড়া উপজেলার বিল্লাপাড়া এলাকার বাসিন্দা নুজহাত তাবাসসুম লুবনা (২৫) চট্টগ্রামের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে মামলাটি দায়ের করেন। মামলায় তার স্বামী মোহাম্মদ ইরফান (২৮), শাশুড়ি রেহেনা আক্তার (৪৫) ও ননদ সাহিপা আফরীন (৩০)কে আসামি করা হলেও বিজ্ঞ আদালত মোহাম্মদ ইরফান ও রেহেনা আক্তারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।

অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ৩১ আগস্ট ১৫ লাখ টাকা দেনমোহর ধার্য করে রেজিস্ট্রিকৃত কাবিননামার মাধ্যমে লুবনার সঙ্গে ইরফানের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই শাশুড়ি ও ননদের প্ররোচনায় স্বামী পিত্রালয় থেকে ১০ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এতে অপারগতা প্রকাশ করলে তাকে বিভিন্ন সময় কটূক্তি করা হতো বলে অভিযোগ করেন বাদী।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২৭ মার্চ সন্ধ্যায় আসামিরা একত্রিত হয়ে পুনরায় যৌতুক দাবি করেন। বাদী তার বাবার আর্থিক অসচ্ছলতার কথা জানালে স্বামী তাকে মারধর করেন। এ সময় শাশুড়ি চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দেন এবং বিয়েতে পাওয়া স্বর্ণালংকার নিয়ে নেন বলে অভিযোগ করা হয়। ননদও তাকে লাথি মারেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে যৌতুকের টাকা না দিলে তালাক দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন বাদী।

সামাজিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ার পর এবং থানায় অভিযোগ দিয়েও প্রতিকার না পেয়ে বাদী আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শাশুড়ি রেহেনা আক্তারকে আটক করে পুলিশ। মামলার অপর আসামিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.