সাতকানিয়ার পুরানগড়ের পিচ্চি জাহিদ হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ১১জন
চট্টগ্রাম জেলা পুলিশের এ্যাকশন-
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়ায় আলোচিত জাহিদুল ইসলাম ওরফে ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় বিএনপি নেতা জসিম উদ্দিন ওরফে ‘মিষ্টি জসিম’সহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট রাতে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড় এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন জাহিদুল ইসলাম (৩৫)।
ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা বন্ধু ওয়াহিদও আহত হন।
ঘটনার চার দিন পর নিহত জাহিদের মা বাদী হয়ে সাতকানিয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় স্থানীয় বিএনপি নেতা জসিম উদ্দিন প্রকাশ ‘মিষ্টি জসিমকে’ প্রধান আসামি করা হয়।
এ ছাড়া এজাহারে আরও ১২ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়।
মামলার পর হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
তদন্তের একপর্যায়ে ঢাকায় অবস্থানরত সন্দেহভাজনদের বিষয়ে তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে প্রধান আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা, পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে জাহিদুল ইসলামকে হত্যা করা হয়ে থাকতে পারে।
গ্রেপ্তার হওয়া জসিম উদ্দিন স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার জেলা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।