মো. সেলিম উদ্দিন খাঁন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ০৯নং আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিনকে ক্ষমতার অপব্যবহার, আইনবহির্ভূত কর্মকাণ্ড এবং অনিয়মের অভিযোগে স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (ইউপি-১ শাখা) থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে গত (৫সেপ্টম্বর) এই আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপ-সচিব বিষ্ণুপদ পাল।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান নাজিম উদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহের তদন্তে নিম্নলিখিত অনিয়ম ও অপরাধমূলক কার্যক্রমের প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়েছে। গ্রাম আদালত অচল রাখা: ইউনিয়ন পরিষদের রেজিস্টারভুক্ত অধিকাংশ গ্রাম আদালত মামলা নিয়মিত না বসার কারণে দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন অবস্থায় ফেলে রাখা হয়েছে, যা বিচারপ্রার্থী সাধারণ জনগণের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সদস্যদের বেতন-ভাতা বন্ধ: ইউনিয়ন পরিষদের সদস্যদের (মেম্বার) দীর্ঘ ২১ মাস যাবত কোনো প্রকার সরকারি বেতন-ভাতা প্রদান করা হয়নি।
মন্ত্রণালয়ের নোটিশে জানানো হয়, চেয়ারম্যান কর্তৃক সংঘটিত এসব অপরাধমূলক কার্যক্রম ও ক্ষমতার অপব্যবহার জনস্বার্থের পরিপন্থী এবং সম্পূর্ণ আইনবহির্ভূত। এই কারণে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯’-এর ৩৪(১) ধারা অনুযায়ী তাকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত (Suspended) করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
বরখাস্ত হওয়া চেয়ারম্যান নাজিম উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি সময়ের প্রয়াস প্রতিবেদক কে জানায়,আমি এখনো কোন নোটিশ পায়নি৷
প্রজ্ঞাপন বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে জানতে উপজেলা প্রশাসন (ইউএনও) বায়েজিদ বিন আখন্দ’র সাথে বক্তব্যের জন্য সরকারি হোয়াটসঅ্যাপ নাম্বারে ও সরাসরি নাম্বারে ফোন করলেও কোন সাড়া পাওয়া যায়নি প্রতিবেদন লেখা পর্যন্ত৷