৩ চাকার যান বন্ধের ঘোষণা পুলিশের, মব করে সড়ক অবরোধ-চালাতে চায় নিষিদ্ধ যান
সাতকানিয়ায়-চালকদের ভয়ে কি অমান্য করা হবে আদালতের আদেশ ?
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশে সিএনজিচালিত অটোরিকশাসহ সব ধরনের তিন চাকার যান চলাচল বন্ধ এবং মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে থানা পুলিশের মাইকিংয়ের পরদিন সড়ক অবরোধ করেছেন চালকেরা।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
তবে এ অবরোধ কর্মসূচিতে লোহাগাড়া উপজেলার সিএনজিচালিত অটোরিকশাচালকেরা অংশ নেন।
জানা গেছে, বুধবার দুপুরে একদল সিএনজিচালিত অটোরিকশাচালক ঠাকুরদীঘি এলাকায় মহাসড়কে জড়ো হন। একপর্যায়ে তারা সড়কের ওপর গাছের ডালপালা ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে প্রায় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
চালকদের ভাষ্য, মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধের বিষয়ে পুলিশের মাইকিংয়ের পর তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ সিদ্ধান্ত কার্যকর হলে তাদের জীবিকা সংকটে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমনকি সাতকানিয়ার চালকদের বিভিন্ন সুবিধা দেওয়া হলেও লোহাগাড়ার চালকদের প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে।
অবরোধে অংশ নেওয়া অটোরিকশা চালক এমরান হোসেন বলেন, আমরা সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে পরিবার চালাই। মহাসড়কে চলাচল বন্ধ হয়ে গেলে আমাদের আয় প্রায় বন্ধ হয়ে যাবে। আমাদেরকে প্রায়ই সময় মামলা দেওয়া হয়। কিন্তু সাতকানিয়ার চালকদের সুবিধা দেওয়া হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, ‘বিষয়টি আমাদের নজরে আসার পর চালক সমিতির নেতাদের সঙ্গে রাত ৮টায় থানায় বৈঠকের সিদ্ধান্ত হয়েছে।’
উল্লেখ্য, মহামান্য হাইকোর্টের আদেশ আছে মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ।