বান্দরবানে আগুনে পুড়ল ১৭ স্থাপনা, ক্ষতি ৮০ লাখ টাকা

ডেস্ক রিপোর্ট

 

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর ও দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে তারাছা ইউনিয়নের এ পাড়ায় আগুনের ঘটনা ঘটে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।

গাজীপুরে একের পর এক যানবাহনে আগুন, রাতভর আতঙ্কে এলাকাবাসি
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, পাড়ার বাসিন্দা নাইম্রাচিং মার্মার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুনের লেলিহান শিখা গ্রাস করে একের পর এক বসতঘর ও দোকান। প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। তবে আগুনের ভয়াবহতায় ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র ও দোকানের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

ঘটনাস্থল দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়। স্থানীয়রা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলেও নদী পার হতে না পারায় সেখানে পৌঁছাতে পারেননি। পরে পাশের ছাইংগ্যা দানেশ পাড়া থেকে ৩০ থেকে ৩৫ জন বাসিন্দা পায়ে হেঁটে নদী পার হয়ে বড়ইতলী পাড়ায় আসেন। দীর্ঘ প্রচেষ্টার পর সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

ছাইংগ্যা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, আগুনের খবর পেয়ে তাদের এলাকা থেকে ৩০ থেকে ৩৫ জন ঘটনাস্থলে ছুটে যান। সবাই মিলে দীর্ঘসময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তারা সময়মতো এগিয়ে না এলে পুরো পাড়াটি আগুনে পুড়ে যেতে পারত।

বড়ইতলী পাড়ার কারবারি (পাড়াপ্রধান) সিংচামং মার্মা বলেন, রাত সাড়ে ১১টার দিকে পাড়ায় আগুন আগুন বলে চিৎকার শুরু হলে ঘর থেকে বের হয়ে চারদিকে আগুন দেখতে পান। পরে পাশের এলাকার লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুর্গম অবস্থানের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ায় আগুন লাগার খবর পেয়ে পুলিশকে অবহিত করা হয়। এলাকাটি দুর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। তবে তারাছা পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে গেছে। স্থানীয় বাসিন্দারাই সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন ঘরবাড়ি হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। অনেকের ঘরের জিনিসপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে দিন কাটানোর পরিস্থিতি তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে দ্রুত সরকারি-বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পাশাপাশি দুর্গম পাহাড়ি জনপদে এ ধরনের দুর্যোগ মোকাবিলায় যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে জরুরি অগ্নিনির্বাপণ ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

Your email address will not be published.