লোহাগাড়ায় মাটি কাটায় বাধা দেওয়ায় হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী, মানববন্ধন

 

মো. সেলিম উদ্দিন খাঁন

“জমি যার যার, মাটি সবার; মাটিখেকোদের রুখে দাঁড়াও, সবুজ গ্রাম রক্ষা করো”—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ার চরম্বা বিবিবিলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

“অবৈধ ইটভাটা ও কৃষিজমির মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্য ওসমান গনিসহ নিরীহ গ্রামবাসীর ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এই হামলার প্রতিবাদে এবং জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।”

 

শনিবার বিকেলে চরম্বা বিবিবিলা বিহারের সামনের চত্বরে ‘চরম্বা বিবিবিলা পরিবেশ রক্ষা বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরিষদের আহ্বায়ক কাউছার হামিদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা জানে আলম, ফৌজুল কবির, ইউপি সদস্য ওসমান গনি, ব্যবসায়ী মোস্তফা কামাল, নুর মোহাম্মদ, হাফেজ গোলাম মোস্তফা, মোহাম্মদ আলম এবং প্রবাসী এরশাদ। এ ছাড়া স্থানীয় নারী-পুরুষ ও শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক মানুষ কর্মসূচিতে অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, “আমাদের এলাকায় পরিবেশবিধ্বংসী কোনো প্রকার কাজ করতে দেওয়া হবে না। বিবিবিলা গ্রামে কোনো অবৈধ ব্যবসা চলবে না।” পরিবেশ রক্ষায় তাদের এই আন্দোলন আগামীতেও অব্যাহত থাকবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন।

মন্তব্য করুন

Your email address will not be published.