ডবলমুরিংয়ে ৫ সহযোগীসহ মো. জাহাঙ্গীর প্রকাশ গাল কাটা জাহাঙ্গীর (২৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুইটি ছোরা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার অন্যান্যরা হলেন, মো. ইমন শরীফ প্রকাশ ইমন (১৯), মো. সাইফুল প্রকাশ সুমন (২৪), মো. মনির (২১), মো. নজরুল আহমেদ সাগর (২০) এবং সাইদুর রহমান ইবু (২২)।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গাল কাটা জাহাঙ্গীর শীর্ষ ছিনতাইকারী। কিন্তু সে প্রায় কাজই নিজে না করে তার চক্রের সদস্যদের দিয়েই করাত। তাই তার বিরুদ্ধে মামলা মাত্র ৪টি। সে খুবই ধূর্ত। পুলিশ দেখলেই ব্লেড দিয়ে নিজের জিহ্বা কেটে ফেলে যাতে তাকে আহত মনে করে পুলিশ তাকে না ধরে! গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১০ টার দিকে আগ্রাবাদ সিএন্ডএফ টাওয়ারের পাশে বাংলদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানী লিমিটেড অফিসের প্রধান ফটকের সামনে থেকে ইমন, সুমন ও মনিরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাদের প্রধান জাহাঙ্গীর প্রকাশ গাল কাটা জাহাঙ্গীরসহ আরও দুইজনকে। এসময় জাহাঙ্গীর পুলিশ থেকে বাঁচতে ব্লেড দিয়ে তার জিহ্বা কেটে ফেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানায়, কোরবানি উপলক্ষে তারা জড়ো হয়েছিল। গরু বেপারী ও গরু ক্রেতাদের টার্গেট করেই তারা পরিকল্পনা করছিল। তাদের গ্রুপে ৫ জন থাকলেও কোরবানি উপলক্ষে চাঁদপুর থেকে সুমনকেও দলে ভেড়ায়। গ্রেপ্তার ইমনের বিরুদ্ধে ৫ টি, সুমনের বিরুদ্ধে ২ টি, মো. নজরুল আহমেদ সাগরের বিরুদ্ধে ৪ টি এবং সাইদুর রহমান ইবুর বিরুদ্ধে ১ টি মামলা রয়েছে।