তুষ-কয়লা-রং-এ তৈরি হচ্ছে হলুদ-মরিচের গুঁড়া, জরিমানা

চট্টগ্রামে খাতুনগঞ্জ সড়কের সেবা ট্রান্সপোর্টের গলির জনি মসলা মিলকে ধানের কুড়া, কাপড়ের রং আর কয়লার গুঁড়ো মিশিয়ে মরিচ ও হলুদ তৈরি করায়  ২ লাখ টাকা জরিমানাসহ ৪০ কেজি ভেজাল মসলা ধ্বংস করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের অভিযানে এ জরিমানা করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযানে নেতৃত্ব দেন।

মুহাম্মদ হাসানুজ্জামান  জানান, মসলা মিল ছাড়াও কোতয়ালী থানা মোড়ের ইউনাইটেড মেডিসিন সেন্টারকে মেয়াদবিহীন কাটা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউমার্কেট মোড়ের মেসার্স ফরিদুল আলম কোম্পানিকে মেয়াদোত্তীর্ণ দই বিক্রির জন্য রাখায় ২০ হাজার টাকা জরিমানাসহ দইগুলো ধ্বংস করা হয়। মহিম দাশ সড়কের আল ফারুক স্টোরকে উৎপাদন-মেয়াদ উল্লেখ বিহীন মোড়কজাত দুধ, বৈধ আমদানিকারকবিহীন বিদেশি পণ্য সংরক্ষণ করায় ৭ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়। তিনি জানান, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.