নিজস্ব প্রতিবেদক: মো. আলী হোসেনের আছে ছয়টি মাদক মামলা। এসব মামলার একটি যাবজ্জীবন সাজাও হয় তার। কিন্তু ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি। পুলিশ হাল ছাড়েনি তাকে ধরতে। ভিক্ষুক সেজেই এবার তাকে কব্জায় আনতে হল পুলিশকে। শুক্রবার (২৭ আগস্ট) মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামিকে গ্রেফতার করে চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ। এএসআই সাইফুল আলম ও এএসআইরণেশ বড়ুয়ার নেতৃত্বে এনায়েত বাজার বাটালী রোডস্থ বরফ গলির মুখ থেকে তাকে গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানা গেছে, আসামী ২০১১ সালে তার মেয়ে নুর বেগমসহ সহ ১০০ বোতল ফেন্সিডিল নিয়ে র্যাবের হাতে গ্রেপ্তার হন। এই মামলার বিচার কাজ শেষে চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলী হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। কিন্তু আসামি সাজা ভোগ না করার জন্য পলাতক থেকে আত্মগোপনে চলে যান। গ্রেপ্তারী পরোয়ানামুলে এএসআই সাইফুল আলম ও এএসআই রণেশ বড়ুয়া গোপন তথ্যের ভিত্তিতে ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করে আসামি মোহাম্মদ আলী হোসেনকে গ্রেপ্তার করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ‘আসামি একজন মাদক সম্রাট ও কোতোয়ালী থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। সে এনায়েত বাজার এলাকার বাটালি রোড এলাকার বাসিন্দা। সে প্রায় সময়ই মাদক নিয়ে গ্রেপ্তার হলেও বার বার জামিনে মুক্ত হয়ে পুনরায় তার পুরানো পেশা মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় আরো ৬টি মাদক মামলা আছে।’