২০ অক্টোবর খুলছে চুয়েটের হল

আগামী ২০ অক্টোবর থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সব আবাসিক হল খুলে দেওয়া হবে। তবে হলে উঠতে পারবেন প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়া স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীরা।

বুধবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১৩৪তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরীসহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন একাডেমিক বিষয়ে আলোচনা শেষে আগামী ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল শুধুমাত্র স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সমাপনী বর্ষের শিক্ষার্থীদের হলে প্রবেশ করার সময় বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, করোনা টিকা গ্রহণের প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। চুয়েট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা টিকার কমপক্ষে প্রথম ডোজ গ্রহণ না করলে কোনো শিক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না। এছাড়া যেসব শিক্ষার্থী টিকা গ্রহণ করতে পারেননি তাদের জন্ম নিবন্ধন সনদসহ ছাত্রকল্যাণ দফতরে যোগাযোগ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ অক্টোবর শুধুমাত্র ইউআরপি, স্থাপত্য এবং পিএমই বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ এছাড়া আগামী ৪ ও ১১ নভেম্বর সব বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.