হালদায় অভিযান চালিয়ে একটি মাছ ধরার নৌকা ধ্বংস ও ২ হাজার ৭০০ মিটার ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম। বৃহস্পতিবার (৭ অক্টোবর) হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, অভিযানে উরকিরচর জেলেপাড়া এলাকা থেকে একটি জাল বসানোর নৌকা আটক করা হয়। নৌকার মালিক তথা অবৈধ মৎস্য শিকারি অভিযান পরিচালনাকারী স্পিডবোট দেখে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। আটক নৌকাটি ধ্বংস করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়।
ইউএনও শাহিদুল আলম বলেন, হালদায় অভিযান চালিয়ে একটি মাছ ধরার নৌকা ধ্বংস ও ২ হাজার ৭০০ মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে।
তিনি বলেন, এর আগে ৪ অক্টোবর রাতভর পরিচালিত অভিযানে হালদার গড়দুয়ারা ও উত্তর মাদার্শার বিভিন্ন স্থান থেকে ৫টি বড় ঘেরা জাল উদ্ধার করা হয়। জাল ৫টির মোট দৈর্ঘ্য ২ হাজার ৭০০ মিটার। স্থানীয় গ্রাম পুলিশের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিকল্পনা ও পরিচালনা করা হয়। আইডিএফের সহযোগিতায় গ্রামপুলিশের মাধ্যমে জালগুলো জব্দ করা হয়।
অভিযানে নিয়মিত সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন, হাটহাজারীর পক্ষ থেকে আইডিএফ ও গ্রামপুলিশকে আন্তরিক ধন্যবাদ এবং অবৈধ মৎস্য শিকারিদের বিষয়ে তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন ইউএনও।