সিনহা হত্যা : পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৫ নভেম্বর

কক্সবাজারের টেকনাফে আলোচিত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার নির্ধারিত ষষ্ঠ ধাপের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫, ১৬ ও ১৭ নভেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।

বুধবার (২৭ অক্টোবর) সকাল থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৭টায়। এ দিন সাক্ষ্য দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ ও মো. দেলোয়ার হোসেন শামীম। আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরাও করেছেন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, ষষ্ঠ ধাপের সাক্ষ্যগ্রহণের শেষ দিনে দুই সিনিয়র ম্যাজিস্ট্রেটসহ ছয়জন সাক্ষীকে উপস্থাপন করা হয়। সেখান থেকে দুই বিচারকের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৫, ১৬ ও ১৭ নভেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত। এ মামলায় এক থেকে ষষ্ঠ ধাপে ৫৯ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আজ সাক্ষ্য দিয়েছেন ৫৮তম সাক্ষী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ ও ৫৯তম সাক্ষী মো. দেলোয়ার হোসেন শামীমের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। তার সঙ্গে থাকা সাহেদুল ইসলাম সিফাতকে পুলিশ আটক করে। এরপর সিনহা যেখানে ছিলেন সেই নীলিমা রিসোর্টে ঢুকে তার দলের দুই সদস্য শিপ্রা দেবনাথ ও তাহসিন রিফাত নুরকে আটক করা হয়। পরে তাহসিনকে ছেড়ে দিলেও শিপ্রা ও সিফাতকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ। পরে তারা জামিনে মুক্তি পান।

মন্তব্য করুন

Your email address will not be published.