চকবাজারের প্রয়াত কাউন্সিলর মিন্টুর পরিবারকে ৮ লাখ টাকা অনুদান

চট্টগ্রাম নগরের চকবাজার ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর পরিবারকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও কাউন্সিলরদের পক্ষ থেকে ৮ লাখ ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

চসিকের টাইগারপাসের কার্যালয়ে সোমবার (৮ নভেম্বর) দুপুরে কাউন্সিলর মিন্টুর স্ত্রী মেহেরুন নিছা খানমের হাতে অনুদানের চেক তুলে দেন মেয়র।

এ সময় প্যানেল মেয়র গিয়াস উদ্দীন, কাউন্সিলর মোবারক আলী, মো. নুরুল আমিন, নুরুল আলম, আশরাফুল আলম, আবুল হাসনাত বেলাল, আবদুস ছালাম মাসুম, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, অতিরিক্ত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, মেয়রের একান্ত সচিব আবুল হাসেম উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, সাইয়েদ গোলাম হায়দার মিন্টু একজন জনপ্রিয় কাউন্সিলর ও জনদরদি সমাজসেবক ছিলেন। যে কারণে তিনি সর্বাধিকবার কাউন্সিলর নির্বাচিত হন। মৃত্যুকালেও তিনি কাউন্সিলর ছিলেন। এতে তিনি কতটা জনপ্রিয় ও নিঃস্বার্থ মানবদরদি সমাজসেবক ছিলেন তার প্রমাণ মেলে। সমাজসেবা ও রাজনীতিকে হাতিয়ার করে তিনি দুর্নীতির আশ্রয় নিয়ে নিজের পরিবারের জন্য কোনো সহায় সম্পত্তি ও নগদ উপার্জন করে যাননি।

তিনি বলেন, বর্তমান সমাজে তার মতো মানুষ বিরল। যুগে যুগে মিন্টুর মতো কাউন্সিলররা সমাজে সবার কাছে অনুকরণীয় হয়ে থাকবেন। আমরা সবসময় মিন্টুর পরিবারের সুখ দুঃখের সাথি হয়ে খোঁজ খবর নিয়ে পাশে থাকার চেষ্টা করব।

মন্তব্য করুন

Your email address will not be published.