কিউআর কোড স্ক্যানেই জানা যাবে সিএনজি অটোরিকশা ও চালকের তথ্য

চট্টগ্রাম নগরে চলাচলরত বৈধ কাগজ সম্বলিত সিএনজিচালিত অটোরিকশা মালিক ও ড্রাইভারদের শনাক্ত করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ। এর মাধ্যমে যাত্রীরা বৈধ সিএনজি অটোরিকশা যাচাই করার পাশাপাশি কোন জিনিস হারিয়ে গেলে সেই গাড়িটিও শনাক্ত করার সুযোগ পাবে।

সোমবার (৬ ডিসেম্বর) চট্টগ্রামের দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে এ কার্যক্রমের উদ্ধোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

জানা গেছে, যেসব সিএনজি অটোরিকশা মালিক ও চালকের বৈধ কাগজপত্র আছে তাদের নির্দিষ্ট ফরম পূরণ করার মাধ্যমে ভেরিফাইড করা হবে। মালিক ও ড্রাইভারের সকল তথ্য জমা থাকবে পুলিশের সার্ভারে। প্রত্যাক গাড়িকে আলাদা QR কোড ও নিউম্যারিক আইডি কার্ড দেওয়া হবে। কোন যাত্রী চাইলেই QR কোড স্ক্যান করে গাড়ির ড্রাইভার ও মালিকের ছবিসহ সকল তথ্য জেনে নিতে পারবেন। এছাড়াও ‘হ্যালো সিএমপি’ অ্যাপসটি ইনস্টল করে যাত্রীরা আরো বেশি তথ্য জানতে পারবেন।

যাদের স্মার্টফোন নেই তারা নিউম্যারিক আইডি কার্ডে থাকা নাম্বারটি সিএমপি নির্ধারিত নম্বরে প্রেরণ করলে ফিরতি বার্তায় ড্রাইভার এবং মালিক ভেরিফাইড কিনা তা জানিয়ে দেওয়া হবে। এছাড়াও কোন যাত্রী গাড়িতে কোন মূল্যবান জিনিস ফেলে এলে QR কোড স্ক্যান করেই সেই গাড়িটি শনাক্ত করা যাবে

পুলিশ মনে করছে এই উদ্যোগের মাধ্যমে চট্টগ্রাম নগরে অটোরিকশার মাধ্যমে অপরাধ কমে আসবে।

প্রাথমিকভাবে নগরের টাইগারপাস, নিউ মার্কেট, বহাদ্দারহাট, জিইসি মোড়, বাদমতলী, অলংকার, মইজ্জারটেক, সিমেন্ট ক্রসিং ট্রাফিক পুলিশ বক্স থেকে সিএনজি মালিক ও চালকেরা নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

গাড়ি নিবন্ধনের জন্য গাড়ির মালিকের জাতীয় পরিচয়পত্র, গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, গাড়ির ফিটনেশ সার্টিফিকেট, গাড়ির ট্যাক্স টোকেন, গাড়ির রুট পারমিট। আর চালকের জন্য চালকের ড্রাইভিং লাইসেন্স ও এনআইডি কার্ড প্রয়োজন হবে।

উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার(সদর) মো. আমির জাফরসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

Your email address will not be published.