জিম্বাবুয়ে থেকে ফিরে কোয়ারেন্টাইনে থাকা বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই ক্রিকেটার কোভিড পজিটিভ হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। তবে পুনরায় তাদের স্যাম্পল নেওয়া হয়েছে। সেই ফলের জন্য অপেক্ষা করছে বিসিবি চিকিৎসকরা।
ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফাইং প্রতিযোগিতায় অংশ নিয়ে গত ১ ডিসেম্বর দেশে ফেরে নারী ক্রিকেট দল। দেশে ফিরে হোটেল সোনাগাঁওতে ৫ দিনের কোয়ারেন্টিনে প্রবেশ করেন তারা। প্রথম দফার কোভিড পরীক্ষায় কেউ পজিটিভ আসেননি। তবে দ্বিতীয় দফার পরীক্ষায় দুজনের কোভিড পজিটিভ আসে।
প্রথমবারে মতো ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য সোমবার (৬ ডিসেম্বর) পুরো দলকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল বিসিবির। এ উপলক্ষে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে এসেছিলেন। কিন্তু দুই ক্রিকেটারের করোনা রিপোর্ট পজিটিভ আসায় সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
আফ্রিকার সঙ্গে একে একে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করছে বিশ্বের অধিকাংশ দেশ। তবে বিমান যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় জিম্বাবুয়ে থেকে চাটার্ড ফ্লাইটে নামিবিয়া এবং ওমানের রাজধানী মাসকাটে পৌঁছায় নারী ক্রিকেট দল। সেখান থেকে সরাসরি ফ্লাইটে বুধবার (৩০ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা। আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে ওমিক্রনের প্রকোপ আশীর্বাদ হয়ে এসেছে বাংলাদেশ নারী দলের জন্য। এর ফলে অবসান হয়েছে দীর্ঘ অপেক্ষার। আইসিসির র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। আর এ কারণেই ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিল সালমা খাতুন, জাহানারা আলমরা।