চট্টগ্রামে আলালকে ছাত্রলীগের অবাঞ্ছিত ঘোষণা 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। একইসঙ্গে তাকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেছে সংগঠনটি। এছাড়া যেখানে আলালকে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধেরও ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের নেতারা।

বৃহস্পতিবার ( ৯ ডিসেম্বর) চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগ নেতারা এসব কথা বলেন।

নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহাম্মেদ ইমুর ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ছাত্রলীগ কার্যালয় থেকে শুরু হয়ে নিউমার্কেট মোড় হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোতোয়ালি মোড়ে গিয়ে শেষ হয়।

বিভিন্ন সময়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি জামায়াত শিবির, ছাত্রদলের সন্ত্রাসী ক্যাডারদের হাতে নিহত ছাত্রলীগ নেতা শহীদ ফারুক হোসেন, বুয়েট ছাত্রলীগকর্মী আরিফ রায়হান দীপ, বুয়েট ছাত্রী সাবিকুন নাহার সনি, চট্টগ্রামের বহদ্দারহাটে ৮ ছাত্রলীগ নেতাসহ সকল ছাত্রলীগ নেতা হত্যা মামলার বিচারের রায় দ্রুত প্রদানের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।

এতে বক্তব্য রাখেন নগর ছাত্রলীগ সহ-সভাপতি ইয়াসিন আরাফাত কচি, সাংগঠনিক সম্পাদক ইরফানুল আলম জিকু, সম্পাদক মণ্ডলীর সদস্য আশরাফ উদ্দিন টিটু, এম এ হালিম শিকদার মিতু, শেখ সরফুদ্দিন সৌরভ, ইমরান কামাল বনি, সদস্য ইমাম উদ্দিন নয়ন, মমশাদ হোসেন রাব্বি, শুভ ঘোষ, সালাউদ্দিন বাবু, মো. সালাউদ্দিন, মোশরাফুল হক পাভেল, আরাফাত রুবেল, চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি জাহেদুল ইসলাম, মহসিন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কাজী নাঈম, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হায়দার, পতেঙ্গা থানা ছাত্রলীগ সভাপতি হাসান হাবিব সেতু, কমার্স কলেজ ছাত্রলীগ সভাপতি ফখরুল রুবেল, সাধারণ সম্পাদক আরিফুল আলম আলভি, পাহাড়তলী থানা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান প্রিন্স, বাকলিয়া থানা ছাত্রলীগ আহ্বায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.