চট্টগ্রামে ৫ মাসে সর্বোচ্চ ৫৫০ করোনা রোগী শনাক্ত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা গত পাঁচ মাসের রেকর্ড ছাড়িয়ে গেছে।

জেলা সিভিল সার্জনের কার্যালয়ের রোববারের (১৬ জানুয়ারি) প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৫০ জন। নমুনা পরীক্ষা করা হয়েছিল ১ হাজার ৯৮৩ জনের। সংক্রমণের হার ২৭ দশমিক ৭৩ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরী ও জেলায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। আক্রান্ত হিসেবে শনাক্তদের মধ্যে ৩৬২ জন নগরীর এবং ১৮৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

শনিবারের প্রতিবেদনে চট্টগ্রামে ২৩৯ জন শনাক্তের তথ্য এসেছিল। এ হিসেবে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে শনাক্ত বেড়েছে দ্বিগুণেরও বেশি।

এর আগে, গত বছরের ১৩ আগস্ট চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৬১৬ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছিল এবং মারা গিয়েছিল ৮ জন। এরপর গত পাঁচ মাস দুইদিনে একদিনে আর পাঁচশ’র বেশি রোগী শনাক্ত হয়নি।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ওই বছরের ৯ এপ্রিল করোনায় প্রথম কেউ মারা যান।

জেলা সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানিয়েছেন, গত ২১ মাসে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে ১ লাখ ৪ হাজার ৯৭৭। মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৩৫।

চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।

মন্তব্য করুন

Your email address will not be published.