পাঁচ বছরের সফলতা তুলে ধরতে সোমবার সংবাদ সম্মেলন ডাকেন প্রধান নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনারের সংবাদ সম্মেলন শেষে ইসি সচিবালয়ের নিজ কক্ষের সামনে পৃথক বিদায়ী সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইসি মাহবুব তালুকদার।
নানা ইস্যুতে এ দুজনের মধ্যে মতবিরোধ ছিল। যা গড়াল বিদায় বেলাতেও।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ইসির পক্ষ থেকে সিইসির পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন অনুষ্ঠানের কথা আগেই জানানো হয়েছে। তবে সকালে সিইসি কে এম নূরুল হুদার সংবাদ সম্মেলন শুরুর আগেই গণমাধ্যমকর্মীদের জানানো হয়, এই সংবাদ সম্মেলনের পর কমিশনার মাহবুব তালুকদার তার কার্যালয়ে পৃথক সংবাদ সম্মেলন করবেন।
সিইসির সংবাদ সম্মেলনে কমিশনার রফিকুল ইসলাম ও কবিতা খানম উপস্থিত থাকলেও মাহবুব তালুকদার উপস্থিত নেই। আর শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি কমিশনার শাহাদাত হোসেন চৌধুরীও।
সিইসি জানান, কমিশনার মাহবুব তালুকদার আমাদের সচিবকে জানিয়েছেন তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন না।