চট্টগ্রামে শনাক্তের সংখ্যা কমে দুই অঙ্কের ঘরে 

চট্টগ্রামে করোনা শনাক্তের সংখ্যা কমে দুই অঙ্কের ঘরে নেমে এসেছে। গত দুই দিন ধরে দৈনিক কোভিড প্রতিবেদনে এ বিষয়টি পরিলক্ষিত হচ্ছে। সর্বশেষ গত একদিনে ৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৯৭ শতাংশ। আগের দিন শনাক্ত হয়েছিল ৬৯ জন। এদিনও করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

রোববার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক কোভিড প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় ১২ টি ল্যাবে সর্বমোট ২ হাজার ৪৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়।

শনাক্ত হওয়া ৭৩ জনের মধ্যে ৫০ জনই নগরের বাসিন্দা। বাকি ২৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

উপজেলার মধ্যে একদিনে সর্বেোচ্চ ১৪ জন শনাক্ত হয়েছে মিরসরাইয়ে। এছাড়া পটিয়ায় ১, রাউজান, ফটিকছড়ি ও হাটহাজারীতে ২ জন করে, সীতাকুণ্ডে ১ ও সন্দ্বীপে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৪৬ জনে এসে দাঁড়িয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ৬৬০ জন। ৩৪ হাজার ৩৮৬ জন বিভিন্ন উপজেলার।

তবে সুখবর হচ্ছে এদিন করোনায় আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুরু থেকে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৬২ জন।

চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৩ এপ্রিল। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.