চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুজন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গেজেটে বাতিলকৃত মুক্তিযোদ্ধারা হলেন- সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ আহমদ (বে.গেজেট ৬২২৯) ও উত্তর ঢেমশা এলাকার বাবুল কান্তি দাশ (বে.গেজেট ২৮৯৭)। গত ১০ মার্চ এক প্রজ্ঞাপন মূলে এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৮তম সভায় সাতকানিয়া উপজেলায় দুজনসহ ৮১ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়। এর মধ্যে সাতকানিয়ার দুজন রয়েছেন। সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আবু তাহের এলএমজি বলেন, আমি উচ্ছ্বসিত এবং খুবই আনন্দিত যে, দুজন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল হয়েছে। আগামী শুক্রবার আনন্দ মিছিল হবে। মুক্তিযোদ্ধা পরিচয়ে তারা এতোদিন সুবিধা ভোগ করছে। তারা কখনো মুক্তিযোদ্ধা ছিল না। তারা দেশের শক্র স্বাধীনতা বিরোধী, আমরা মুক্তিযোদ্ধা পরিবার আজ আনন্দিত। এদিকে উপজেলা যাচাই-বাছাই কমিটি ও বিভাগীয় কমিটির যাচাই-বাছাই শেষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভায় এ তালিকা অনুমোদন হয়। নতুন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রের প্রদত্ত সকল সুযোগ-সুবিধা পাবেন। গেজেট বাতিলের বিষয়ে বাবুল কান্তি দাশ বলেন, আমার গেজেট কেন বাতিল হবে বুঝতে পারছিনা।আমার বয়স নিয়ে যে সমস্যা ছিল তা সংশোধনে দিয়েছিলাম। সাতকানিয়া কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ আহমদের সাথে বারবার যোগাযোগরে চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।