চট্টগ্রামে এখন পর্যন্ত ৩ লাখ ৩৪ হাজার ২৫৩টি পরিবারের কাছে টিসিবির পণ্য সরবরাহের করা হয়েছে। বাকি ২ লাখ ৮২৯টি পরিবারের কাছে দ্রুত সময়ের মধ্যে পণ্য সরবরাহ করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
শুক্রবার (১ এপ্রিল) চট্টগ্রাম জেলা প্রশাসনের ডেপুটি কালেকটর আবদুস সামাদ বিষয়টি নিশ্চিত করেন।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ৩ লাখ ৩৪ হাজার ২৫৩টি পরিবারের কাছে টিসিবির পণ্য সরবরাহ করা হয়েছে। চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলায় ৮১ জন ডিলারের মাধ্যমে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিসিবির পণ্য সরবরাহ করা হচ্ছে। এখন পর্যন্ত ৬৬৮ দশমিক ৫০৬ মেট্রিকটন চিনি, মসুর ডাল এবং ৬ লাখ ৬৮ হাজার ৫০৬ লিটার সয়াবিন তেল সরবরাহ করা হয়েছে। ফ্যামিলি কার্ড দেখিয়ে ৪৬০ টাকায় দুই কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারছেন ক্রেতারা।
চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, নগরের ৪১টি ওয়ার্ড, ১৫ উপজেলার ১৯১টি ইউনিয়ন ও ১৫টি পৌরসভায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম চলছে। প্রথম পর্যায়ে পণ্য বিতরণের ৬২ দশমিক ৪৭ শতাংশ কার্যক্রম শেষ হয়েছে। পণ্য বিতরণ কার্যক্রম সুন্দরভাবে শেষ করার জন্য সিটি করপোরেশন, উপজেলা প্রশাসন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সমন্বয়ে ট্যাগ টিম গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রথম পর্যায়ের পণ্য বিতরণের কাজ শেষ করা হবে। তারপর রমজানের মধ্যে দ্বিতীয় পর্যায়ের বিক্রি কার্যক্রম শুরু হবে।