২৩ এপ্রিল থেকে ঈদের আগাম ট্রেনের টিকিট বিক্রি শুরু

আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। কাউন্টারের পাশাপাশি টিকিট বিক্রি হবে অনলাইনেও।

সোমবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এতে বলা হয়েছে, ২৩ এপ্রিল বিক্রি হবে পাঁচদিন পরের অর্থাৎ ২৭ এপ্রিল যাত্রার টিকিট। একইভাবে ২৪ এপ্রিল মিলবে ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল মিলবে ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল মিলবে ৩০ এপ্রিলের এবং ২৭ এপ্রিল ১ মের টিকিট। ঈদযাত্রার বিক্রি হওয়া টিকিট ফেরত নেয়া হবে না।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে। কমলাপুর স্টেশনে ২৩টি কাউন্টারে টিকিট বিক্রি হবে। একটি কাউন্টার থাকবে নারীদের জন্য সংরক্ষিত। আর অনলাইনে টিকিট পাওয়া যাবে সকাল ৬টা থেকে।

ঈদের আগে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস চালু না হলে তার ইঞ্জিন ও বগি দিয়ে ‘খুলনা স্পেশাল’ নামে ঢাকা-খুলনা রুটে একটি বাড়তি ট্রেন চালানো হবে। ঈদের দিন শোলাকিয়া স্পেশাল নামে এক জোড়া ট্রেন চলবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, এবার যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ৯৩টি অতিরিক্ত বগি যুক্ত করা হবে রেলের বহরে। নিয়মিত ১০২টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে বিশেষ ছয় জোড়া ট্রেন চলবে।

এদিকে চাঁদ দেখা সাপেক্ষে ঈদ হবে ২ মে। রোজা ৩০টি হলেঈদ হবে ৩ মে।

মন্তব্য করুন

Your email address will not be published.