বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে পহেলা বৈশাখ উপলক্ষে ভোর সকালে পূজার ফুল তুলতে গিয়ে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) ভোর সকালে সাধনপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বৈস্বার টিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বৈলগাঁও এলাকার মৃত সুকুমার দে এর পুত্র রতন দে (৫৬)। হাতির হামলায় বৃদ্ধা রতন দে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বন বিভাগের কালীপুর রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক বলেন, সাধনপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বৈস্বার টিলা এলাকায় রতন দে নামক এক বৃদ্ধা মারা গেছে। শুক্রবার দুপুরে ১২ টার দিকে স্থানীয় কৃষকেরা পানের বরজে পান তুলতে গেলে তার লাশ দেখতে পেয়ে আমাদের কে জানায়। আমরা ঘটনাস্থলে গিয়ে তার শরীরে হাতির দাঁত দিয়ে কামড়ে চিহ্ন দেখেছি। এবং তার হাতে কিছু জবা ফুল দেখেছি। হয়তো ভোর সকালে পহেলা বৈশাখ উপলক্ষে পূজার ফুল তুলতে গিয়ে হাতির আক্রমণে ঘটনাস্থলে মারা যায় । তিনি আরো জানান, আমরা বন বিভাগের পক্ষ থেকে তার পরিবারকে ৩ লক্ষ টাকার সহযোগিতা করব। এদিকে হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা ও বিভিন্ন খাদ্য সামগ্রী মানবিক সহায়তা প্রদান করেছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।