চট্টগ্রাম বুয়েট ক্লাবের উদ্যোগে ‘বুয়েটিয়ান ইফতার মাহফিল ২০২২’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নগরের হল টোয়েন্টি ফোরে আয়োজিত ইফতার মাহফিলে প্রায় ৩০০ বুয়েটিয়ান মিলিত হন।
কোভিড মহামারিতে ক্লাবের উদ্যোগে ত্রাণ ও অক্সিজেন নিয়ে রোগী সেবা দেওয়া থেকে শুরু করে নানা গঠনমূলক সামাজিক কার্যক্রমের মাধ্যমে বুয়েট ক্লাব চট্টগ্রাম ইতিবাচক ভূমিকা পালন করেছে।
সংঘটিত হয়ে প্রচেষ্টা চালালে আরও বড় পরিসরে অবদান রাখা সম্ভব। এরকমটাই মনে করেন তারা। যদিও ক্লাবটির এখনো কোনো স্থায়ী ঠিকানা তৈরি হয়নি। ফলে সবাই জরুরি ভিত্তিতে এ ব্যাপারে জোর প্রচেষ্টা চালাবেন বলে অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে সিনিয়রদের মধ্যে বুয়েট ৬৩, ৮২, ৮৪ ব্যাচের উপস্থিতি, রোটারির বর্তমান গভর্নর রোটারিয়ান মতিউর, পিডিবির সাবেক সদস্য আজহারের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এছাড়াও পিডিবি, লিভার, বন্দর, পুলিশ, নেভি, কাস্টমস, আয়কর, প্রশাসনসহ বিভিন্ন বেসরকারি ভারী শিল্প থেকে আসা প্রকৌশলীদের পরিবারসহ স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে বাড়তি আকর্ষণ এনে দেয়।
কোভিড মহামারির কারণে সুদীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বুয়েট ক্লাবের ইফতার মাহফিলে সবার সরব উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। সবার উচ্ছ্বসিত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল যেন হয়ে উঠে বুয়েট ক্যাম্পাস।
ইতোমধ্যে চট্টগ্রাম বুয়েট ক্লাবের প্রায় ৭ বছর পেরিয়ে গেল। সবার একটাই আশা- দ্রুত বুয়েট ক্লাবের কার্যালয় জামালখান সংলগ্ন কোনো জায়গায় অচিরেই স্থাপিত হবে এবং সদস্যরা নিয়মিত মিলিত হয়ে একটি সুশৃঙ্খল বুয়েট পরিবার গড়ে তুলবেন।