নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের পটিয়া উপজেলায় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে দিনদুপুরে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ইফতার মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সমর্থকরা তাকে মারধর করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। শুক্রবার দুপুরে উপজেলার হাইদগাঁও ইউনিয়েনের ব্রাহ্মণঘাটার গাউছিয়া কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
মারধরের সময় তার জামাও খুলে নেওয়া হয়। এই ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে হাইদগাঁও ইউপি চেয়ারম্যান বিএম জসিম বলেন, ‘সরকারি টিউবওয়েল ও চাকরি দেয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়েছেন জিতেন গুহ। এমনকি মানুষের জায়গাও দখল করেছেন তিনি। এছাড়া মুজিববর্ষের সরকারি ঘর দিবে বলেও তিনি বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়েছেন। সেটা প্রমাণিত হওয়ায় তার সভাপতির পদও চলে গেছে এবার। আজ ওই লোকগুলো তাকে পেয়ে টাকা ফেরত দিতে বলে মারধর করে। আমি খবর পেয়ে তাকে গিয়ে রক্ষা করেছি।’
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, পূর্ব শত্রুতার জের ও ইফতার মাহফিলের ব্যানারে চেয়ারম্যানের ছবি দেয়া নিয়ে তার লোকজন জিতেন গুহকে মারধর করেছে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।