কোতোয়ালীতে বাসের ধাক্কায় পরিচ্ছন্নকর্মী নিহত

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার জহুর হকার মার্কেটের সামনে ৩ নম্বর বাসের ধাক্কায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পরিচ্ছন্নকর্মী মো. তাজুল ইসলাম (৪০) নিহত হয়েছেন।

রোববার (১৫ মে) বিকেলে সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মো. তাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার সূহিলপুর এলাকার মৃত মলু মুন্সীর ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর বলেন, ৩ নম্বর মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পরিচ্ছন্নকর্মী তাজুল ইসলামকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। বাসটি (চট্টমেট্রো-হ- ১১-২৭৮৬) থানায় আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের দায়িত্বে থাকা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পরিচ্ছন্নকর্মী তাজুল ইসলামকে সন্ধ্যা সাতটার দিকে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। এরপর মরদেহ মর্গে পাঠানো হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.