চট্টগ্রামের রাউজানে আরফাত হোসাইন নামে এক গণমাধ্যমকর্মীর বাসভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (১৫ মে) রাত সাড়ে ৯টায় রাউজান উপজেলা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউজান মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন— পৌরসভার ৮ নম্বর দলিলাবাদ এলাকার মৃত আবদুল মোতালেবের পুত্র মো. রবিউল হোসাইন (২২), ৫ নম্বর সুলতানপুর এলাকার আবদুর রউফের ছেলে আবদুর রহমান আরিফ (২১) ও ৭ নম্বর শাহনগরের মো. জামাল উদ্দিন শরীফের ছেলে মো. ইমতিয়াজ (২২)।
হামলার শিকার আরফাত হোসাইন রাউজান উপজেলা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউজান মাঝিপাড়ার আলহাজ ইসহাক মিয়ার ছেলে। তিনি দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি ও থানা প্রেসক্লাবের সদস্য।
জানা গেছে, ঈদ বাজার নিয়ে সংবাদ পরিবেশনকে কেন্দ্র করে সাংবাদিক আরাফাত হোসাইনের ঘরে এ হামলা চালানো হয়। যাওয়ার সময় তিনটি মোটরসাইকেল ফেলে গেছে দুর্বৃত্তরা। হামলার ঘটনা ভিডিও ধারণ করার সময় স্মার্ট ফোন কেড়ে নেয় তারা।
গণমাধ্যমকর্মী আরফাত হোসাইন বলেন, পরিকল্পিতভাবে ১০/১২ টি মোটরসাইকেল নিয়ে আমার বাসায় প্রবেশ করে হামলা চালিয়েছে। তারা বার বার বলছিল ঈদের আগে যে নিউজটা করেছি, সেটার চরম খেসারত দিতে হবে। আমি তাৎক্ষণিক পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু ও রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম ভাইকে জানিয়েছি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তিনজনকে আটক করা হয়েছে ৷ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দ।