মির্জাপুর বৌদ্ধ রূপায়ন সংঘের বুদ্ধ জয়ন্তী উৎসব ও বুদ্ধ পূর্ণিমা সম্পন্ন

হাটহাজারী প্রতিনিধিঃ ত্রি-স্মৃতি বিজড়িত বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা ১৫ মে ২০২২ খ্রিস্টাব্দে উদযাপিত হয়েছে। এই দিনকে কেন্দ্র করে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মির্জাপুর বৌদ্ধ রুপায়ন সংঘ দিনটি উদযাপন উপলক্ষে ২৫৬৬ তম বুদ্ধ জয়ন্তী উৎসবের আয়োজন করে। মির্জাপুর শান্তিধাম বিহার প্রাঙ্গনে ১৪ ও ১৫ মে দুই দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মাধ্যমে দিনটি উদযাপন করা হয় । দুইদিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা, গৌতম বুদ্ধের মুখঃনিসৃত বাণী তথা সূত্রপাঠ, অষ্টবিংশতি বুদ্ধ পূজা এবং লাভীশ্রেষ্ঠ সীবলী পূজা ও অর্হৎ উপগুপ্ত পূজা, বন্দনা প্রতিযোগিতা ছিল অন্যতম আকর্ষণ। অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুগণ ও আলোচকবৃন্দ মৈত্রী ও অহিংসার মূর্ত প্রতীক গৌতম বুদ্ধের অহিংসার মর্মবাণী সবার মাঝে ধারণ করার আহ্বান জানান। কোভিড মহামারীর পর চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে পৃথিবীর এই ক্রান্তিলগ্নে গৌতম বুদ্ধের ক্ষমা, মৈত্রী ও করুণার অনুশীলনের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে বক্তারা উল্লেখ করেন। অত্র অঞ্চলের ধার্মিক উপাসক উপাসিকাসহ, সংগঠনের সকল সদস্যবৃন্দ, প্রতিষ্ঠাতা সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে দুই দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা সম্পন্ন হয়। মির্জাপুর বৌদ্ধ রুপায়ণ সংঘের কার্যকরী সভাপতি সনজয় চৌধুরী ও মির্জাপুর শান্তিধাম বিহার কমিটির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মির্জাপুর শান্তিধাম বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দীপন কান্তি চৌধুরী এবং মির্জাপুর বৌদ্ধ রুপায়ণ সংঘের সাধারণ সম্পাদক জীবন বড়ুয়া, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য কমলেন্দু চৌধুরী,বিহার কমিটির সহসভাপতি মিলন বড়ুয়া এবং যুগ্ম সম্পাদক অমিয় বড়ুয়াসহ প্রমূখ। সংবাদ প্রেরক এম ওসমান গনি

মন্তব্য করুন

Your email address will not be published.