বাংলাদেশি সেজে পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা তরুণী

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশের নাগরিক সেজে পাসপোর্ট করতে গিয়ে আটক হয়েছে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়া এক রোহিঙ্গা তরুণী।

সোমবার (২৩ মে) চট্টগ্রাম নগরীর মনসুরাবাদে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে আটকের পর তাকে পুলিশের কাছে সোপর্দ্দ করা হয়েছে।

চট্টগ্রামের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আবু সাইদ জানান, জোবাইদা খানম নামে ওই তরুণী সীতাকুণ্ড উপজেলার সলিমপুরের এক নম্বর ওয়ার্ডের ঠিকানা উল্লেখ করে পাসপোর্টের জন্য আবেদন করেন। এতে তিনি বাবার নাম সৈয়দ নূর ও মার নামে সলেমা খাতুন উল্লেখ করেন। একইসঙ্গে তার নিজের জন্ম সনদ এবং মায়ের জাতীয় পরিচয়পত্র ও জাতীয়তা সনদ দাখিল করেন।

‘কথাবার্তায় ওই তরুণীকে আমাদের সন্দেহ হয়। আঙ্গুলের ছাপ যাচাই করে দেখা যায়, তিনি ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর জুরাইয়া বিবি নামে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধিত হন। তখন তার বয়স ছিল ১৫ বছর। তরুণী যে জন্মসনদ জমা দিয়েছেন, এতে তার জন্মস্থান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা উল্লেখ আছে। জন্মসনদটি সার্ভারেও সংযুক্ত আছে’- বলেন ভিসা অফিসের পরিচালক।

আবু সাইদ জানান, আবেদনের সঙ্গে জমা দেওয়া তার মায়ের জাতীয় পরিচয় পত্রের নামের সাথে এনআইডি সার্ভারের সংরক্ষিত তথ্যের মধ্যে নামের মিল নেই। এরপর জিজ্ঞাসাবাদে সে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়ার কথা স্বীকার করে। আটক তরুণীকে নগরীর ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.